মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে তার। প্রায় নয় দিনের এই সফরে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক এবং একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াসহ আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সফরসূচি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আয়োজনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
বাংলাদেশের একজন মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন এবং একই অধিবেশনে দেশের সরকারপ্রধানের অংশগ্রহণকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার সুযোগও তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
নিউইয়র্কের কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। তবে এ অংশের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। তবে দ্বিপক্ষীয় ওই সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।
সব মিলিয়ে জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে। সফরসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর বৈঠক, কর্মসূচি ও আলোচনার বিষয়গুলো আরও স্পষ্ট হবে।
সদ্য সংবাদ/এসকে