জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্যায়, অবিচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বর্তমান বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার ভাষায়, ‘আমাদের নজরুল তারেক রহমান।’
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
চিফ হুইপ বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তার সাহিত্যকর্মে প্রেম, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও মানুষের অধিকারের বিষয়ও উঠে এসেছে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান তাকে যুগে যুগে প্রাসঙ্গিক করে রেখেছে।
দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ সময় ধরে মানুষ নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের মুখোমুখি হয়েছে। গুম, কারাবন্দি ও নির্যাতনের ঘটনাগুলো মানুষের মধ্যে গভীর ক্ষত তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, কঠিন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। দেশের চলমান সংকট থেকে উত্তরণে তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
কাজী নজরুল ইসলামের আদর্শকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ না করে তা বাস্তব জীবনে ধারণের আহ্বান জানান তিনি। বলেন, নজরুল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কবি নন; তিনি সব শ্রেণি-পেশা ও মানুষের কবি। তার সাহিত্য মানুষের মুক্তি, সাম্য ও মানবিক মর্যাদার কথা বলে।
দেশের বিভিন্ন সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সময় ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। এতে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে