জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্যদের আচরণ ও বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, সরকারি দলের সংসদ সদস্যরা বিরোধীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংযমের পরিচয় দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খানের ভাষ্য, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের মধ্যে নতুন এক ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে। এর প্রভাব অধিবেশনেও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ঘিরে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন, একজন মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের অনেক সদস্য একযোগে প্রতিবাদে দাঁড়িয়েছেন। তার দাবি, পরিস্থিতি আরও উত্তপ্ত করার সুযোগ থাকলেও সরকারি দলের সদস্যরা তা করেননি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকায় সংসদে তাদের আচরণে দায়িত্বশীলতার প্রতিফলন থাকা প্রয়োজন। বিরোধী দলকে তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার পক্ষেও মত দেন তিনি।
রাশেদ খান বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা নিয়মিত বক্তব্য দেওয়ার সুযোগ পেলে ধীরে ধীরে সংসদীয় বিতর্কের ধরন ও পদ্ধতি সম্পর্কে আরও অভিজ্ঞ হয়ে উঠবেন। তাই বক্তব্যের সঙ্গে মতের অমিল থাকলেও তাদের কথা বলার সুযোগ দেওয়া উচিত।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের সদস্যরা সবসময় যুক্তিসংগত বক্তব্য নাও দিতে পারেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ অব্যাহত রাখা প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে তারা সংসদীয় আলোচনায় আরও দক্ষ হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস