রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় মঈন খান হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। হাসপাতালে উপস্থিত ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী। দুই দিন ধরে সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে মঈন খানকে দেখতে যান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। পরে তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হক ও জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও হাসপাতালে গিয়ে মন্ত্রীর খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।
সদ্য সংবাদ/এসএস