ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার যাত্রা বাংলাদেশ বিমানের মাধ্যমে আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন মোজাম্মেল আলী। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানেই তাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও একই রাষ্ট্রীয় সংস্থার উড়োজাহাজ ব্যবহারের প্রত্যাশা করছেন শেখ হাসিনা।
মুখপাত্র আরও দাবি করেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ না করেই শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এখন বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারত সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পরবর্তী সময়ে আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে।
সদ্য সংবাদ/এজে