রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিজের ভাগ্নে মো. নুরুল আজীমকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল হুদা—এমন অভিযোগ উঠেছে। নুরুল আজীম বর্তমানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে রূপালী ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দিতে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে এমডি পদে আগ্রহী অভিজ্ঞ ও যোগ্য ব্যাংকারদের সুযোগ সীমিত করার চেষ্টার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ নিয়ে ব্যাংক খাতের সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক কিংবা প্রভাব কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুবাদে রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান নজরুল হুদা। অন্তর্বর্তী সরকারের সময় তাঁর ছেলে ড. আসিফ ইকবাল অর্থ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হলেও নতুন অর্থমন্ত্রীর দপ্তরেও তাঁর ছেলে একই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
এ অবস্থায় অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আগাম তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, এসব যোগাযোগ কাজে লাগিয়ে ব্যাংকের এমডি নিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিজের পছন্দের ব্যক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন নজরুল হুদা।
নজরুল হুদা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। অবসরের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবেও একাধিকবার পুনর্নিয়োগ পান। সমালোচকদের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে সুসম্পর্কের কারণে অবসরের পরও গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগ পেয়েছেন তিনি।
এ ছাড়া মালদ্বীপে একটি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে নজরুল হুদার। ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের তহবিল নরওয়েতে স্থানান্তরের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে তদন্ত শেষে ওই কমিটি তহবিল স্থানান্তরের অভিযোগের কোনো প্রমাণ পায়নি।
আর্থিক খাতের বিভিন্ন সিদ্ধান্তে নজরুল হুদার ভূমিকা নিয়েও অতীতে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুতে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই শেয়ার কেনার প্রক্রিয়ায় কয়েকটি ব্যাংক আর্থিক চাপের মুখে পড়ে।
রূপালী ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালনের জন্য ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একাধিক কর্মকর্তা রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, তাঁদের মধ্য থেকে যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে নিজের ভাগ্নেকে এ পদে বসানোর চেষ্টা এবং অন্য যোগ্য প্রার্থীদের সুযোগ সীমিত করার অভিযোগ সত্য হলে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে ঘনিষ্ঠ আত্মীয়ের অবস্থান তৈরি হলে স্বার্থের সংঘাতের আশঙ্কাও রয়েছে। এতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যানের প্রধান দায়িত্ব প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা। ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে নিয়োগপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ তাঁর থাকার কথা নয়। তাই এমডি নিয়োগে কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি উঠেছে।
এ বিষয়ে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা বলেন, তিনি ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে (এফআইডি) পরামর্শ দিয়েছেন, যেন নুরুল আজীমকে রূপালী ব্যাংকের এমডি পদের জন্য বিবেচনা করা না হয়। তিনি বলেন, ‘আমি তাঁদের স্পষ্টভাবে জানিয়েছি, তিনি আমার আত্মীয়। নিশ্চিন্ত থাকুন, তাঁর নাম তালিকায় নেই।’ এ ধরনের আলোচনাকে গুজব বলেও উড়িয়ে দেন তিনি।
নজরুল হুদা আরও বলেন, নুরুল আজীম কেন রূপালী ব্যাংকের এমডি হতে যাবেন? তিনি ইতোমধ্যে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর চাকরির মেয়াদ আরও ১০ বছর বাকি রয়েছে। অথচ সরকারি ব্যাংকগুলোতে এমডি পদে নিয়োগ দেওয়া হয় মাত্র তিন বছরের জন্য। গুজব ছড়ানোর আগে বিষয়টির যৌক্তিকতা বোঝার চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, রূপালী ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চেয়ারম্যানের আত্মীয়কে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, অভিজ্ঞ ও যোগ্য ব্যাংকারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে কি না এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অবস্থান জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। সূত্র: ভিওডি বাংলা
সদ্য সংবাদ/ এরআর