পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানসহ এখন পর্যন্ত মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে শুরু হওয়া এ কার্যক্রমে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে বন্ধ হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় ৩৩তম হিসেবে যুক্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় গ্রিডের স্থিতিশীলতা বিবেচনায় বিদ্যুৎ সরবরাহ পরবর্তী সময়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনও দ্বিতীয় দফার পরীক্ষামূলক সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে এবং পরীক্ষা চলবে ১০ থেকে ২৪ ঘণ্টা।
প্রকল্প-সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় প্রভিশনাল টেকওভারের মাধ্যমে ইউনিটটির দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে দায়িত্ব পালন করবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টদের আশা, কেন্দ্রটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সদ্য সংবাদ/এজে