বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেখানে জার্মান পক্ষ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি খাতের সম্ভাবনাময় পণ্য ও শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জার্মান বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে জানান তিনি।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং প্রতিনিধিদল সফর বিনিময়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা, অভিবাসন, কর্মী চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ। কর্মী নিয়োগ ও অভিবাসনের ক্ষেত্রে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার সম্ভাবনা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি উঠে আসে।
এ ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে অবহিত করেন শামা ওবায়েদ। নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় হয়। সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন জার্মান প্রতিনিধিরা। এ সময় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আরও জোরালো করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন উভয় পক্ষ। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে জার্মানি।
সদ্য সংবাদ/এজে