পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান ঘুরে দেখেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তাঁর সঙ্গে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও ছিলেন।
শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পিকারের এই পরিদর্শনের বিষয়টি জানানো হয়।
এর আগে বুধবার পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধিদল। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
পরিদর্শনের একপর্যায়ে পাকিস্তানের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচিতে ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এজে