রাজধানীতে আবারও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার পাঁচটি পৃথক স্থানে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ওয়ারী, হাতিরপুল, মিরপুর, বনানী ও ধানমন্ডি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজধানীর মিরপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা করেও সফল হয়নি পুলিশ।
অন্যদিকে বনানী এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন।
ধানমন্ডিতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা ছাড়া বাকি চারটি এলাকার ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সদ্য সংবাদ/ এরআর