দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাড়তি দাম এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। এতে সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেছে এনসিপি।
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ দলটির ভাষায় কর্তৃত্ববাদী আইনগুলো বাতিল করা।
বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, দেশের বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, দখল, ছিনতাই ও ডাকাতির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি চাল, ডাল, ভোজ্যতেল, ডিম ও এলপিজি গ্যাসের বাড়তি দাম এবং বিদ্যুৎ বিলের চাপ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে বলে দাবি দলটির।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পক্ষে কয়েকটি ঘটনার উল্লেখও করেছে এনসিপি। দলটির ভাষ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিতে আরেকজন নিহত হন। এ ছাড়া কক্সবাজারে এক দিনে বহু যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও নারী নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে গ্রেপ্তারের অভিযোগও করেছে এনসিপি। এসব তথ্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
দ্রব্যমূল্যের বিষয়ে দলটি জানিয়েছে, তাদের হিসাবে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এলপিজি গ্যাসের দাম ও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিযোগও তুলে ধরেছে তারা।
এসব পরিস্থিতির প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
সদ্য সংবাদ/এসএস