সৌদি আরবে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকও হতাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি সংঘাত নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সদ্য সংবাদ/এসএস