দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই আজ দেশে ধর্মীয় বিভাজন সৃষ্টিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মাঠে থাকা অন্যান্য রাজনৈতিক দলের এ দেশের মানুষের জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন তৈরি করা, অথচ দেশের মানুষ এমন বিভাজনের রাজনীতি চায় না।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। একসময় দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির নেতৃত্বেই বারবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে এ দেশে শত শত মানুষ শহীদ হয়েছেন এবং রাজপথে রক্ত দিয়েছেন। তাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি ধানের শীষে ভোট চান।
তিনি আরও বলেন, বিএনপি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে না। তাদের লক্ষ্য শিক্ষিত বেকার তৈরি করা নয়, বরং কর্মক্ষম মানুষের সৃজন করা। তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশকে ৩৬ কোটি কর্মক্ষম হাতের শক্তিতে পরিণত করাই তাদের পরিকল্পনা।
পরিবেশ রক্ষার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বৃক্ষরোপণ, খাল খনন এবং প্লাস্টিকের ব্যবহার ও দূষণ কমাতে কাজ করবে। এ বিষয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতে দেশে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে। এজন্য তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।