ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রাখা হবে এবং এরপর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।
আরও জানানো হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে বিভ্রান্ত বা সহিংস করার সুযোগ না পায়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।