চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুই বাংলাদেশির মৃত্যুকে গভীর উদ্বেগজনক ঘটনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার স্বাধীন তদন্ত ও সীমান্তে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার রাতে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সীমান্তে আর কত জীবন যাবে’ শিরোনামের এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। এতে তিনি লিখেছেন, সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে—রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক নিহত হন এবং অভিযোগ আছে, তাদের মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, ভারতের পক্ষ থেকে বহুবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এসব ঘটনা থামছে না। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার স্থায়ী সমাধানে ভারত সত্যিই দৃশ্যমান উদ্যোগ নেবে কি না—এ প্রশ্নও তোলেন তিনি।
বাংলাদেশ সরকারের প্রতিও তিনি আহ্বান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।