নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তার এ সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে জানা গেছে। সফরে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
এর আগে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর তিনি সংসদের অধিবেশনেও যোগ দেন।
গত মার্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে মালয়েশিয়ায় ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা চলে।
এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সদ্য সংবাদ/এসকে