যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো প্রথমে অবিশ্বাস্য বা আজগুবি মনে হয়। কিন্তু ইতিহাস থেকে দেখা যায়, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও সামরিক হামলা ঘটে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার আলোচিত নারী কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, এ ধরনের ঘটনা কখনো কখনো বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।
ভুচিচের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।
এর আগে, গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে।”