গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তি ও সংগঠন—উভয়েরই বিচার করা সম্ভব। তবে কোনো দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। এ কারণে দল হিসেবেও তাদের দায় নিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না ঘটে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করা হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে জনগণের আন্দোলন উল্লেখ করে বলেন, শহীদদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।