বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিতে অনলাইনে একটি আবেদন শুরু হয়েছে। এতে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে আবেদনটি নিয়ে ফিফার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে পাঁচটি দলকে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সমালোচকদের অভিযোগ, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিরা আর্জেন্টিনার প্রতি সহানুভূতিশীল ছিলেন। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি গুরুতর ফাউলের পরও তাকে কোনো কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সাউথ চায়না মর্নিং পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ArgentinaOut.com নামের একটি প্ল্যাটফর্ম থেকে এই অনলাইন প্রচারণা চালানো হচ্ছে। সেখানে দাবি করা হয়, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এ অভিযোগের ভিত্তিতেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
এদিকে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ঐতিহাসিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল—এই দুই কারণেই দুই দলের লড়াই ফুটবল বিশ্বে বিশেষ গুরুত্ব বহন করে।
চার দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেমিফাইনালের এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।