চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের প্রতিভাবান খেলোয়াড় মেহেদী হাসান হৃদয় আর নেই। রক্তের ক্যান্সারে আক্রান্ত এই তরুণ ক্রিকেটারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
হৃদয় অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের এক ধরনের দ্রুত অগ্রসরমান ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ রোগে রক্ত ও অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয়। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়।
জানা যায়, গত জুলাইয়ে হৃদয়ের চিকিৎসার ব্যয় মেটাতে পাঁচ লাখ টাকা অনুদান দেয় বিসিবি। একই অঙ্কের অর্থ সহায়তা প্রদান করে ক্রীড়া মন্ত্রণালয়ও। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন হৃদয়। অল্প বয়সেই ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত দেশের ক্রিকেটসংশ্লিষ্টরা।
একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের এমন অকালপ্রয়াণে তার সামনে থাকা সম্ভাবনার পথ থেমে গেল। হৃদয়ের মৃত্যুতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
সদ্য সংবাদ/এসএস