সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহিঃশক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো দূতাবাস আক্রান্ত হলে বা কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটলে তা বহিঃশক্তির হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি এ ধরনের কোনো সুযোগ দিতে চায় না।
শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং ভারত সেটিকে সমর্থন দিচ্ছে বলে তাঁদের অভিযোগ। তবে এর প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ভাঙচুরের পথে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে তিনি জানান।
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অহিংস ও গণতান্ত্রিকভাবে রাজপথে নামতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা চালাতে চায় কিংবা দূতাবাসে হামলার চেষ্টা করে, তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আবেগ ও ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অতীতের ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি জানান, এনসিপি এ ধরনের সব ঘটনার তীব্র নিন্দা জানায়।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দলটি গণতান্ত্রিক ও অহিংস রাজনীতিতে বিশ্বাসী এবং সহিংস রাজনীতির বিপক্ষে। তিনি বলেন, এই আদর্শ শরিফ ওসমান হাদি শিখিয়ে গেছেন। হাদি নতুন সাংস্কৃতিক কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কখনো ভাঙচুরের রাজনীতিতে জড়াননি।
অবস্থান কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।