বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিমানমন্ত্রী। সভায় বিমানবন্দরগুলোতে পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতিজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
সভায় মন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ বা বার্ড হিট একটি উদ্বেগজনক বিষয়। তাই সাম্প্রতিক সময়ে সংঘটিত বার্ড হিটের ঘটনাগুলোর তথ্য যাচাই বাছাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় পাখির চলাচল নিয়ন্ত্রণ এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এ জন্য বিমানবন্দরগুলোতে আধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, নিরাপদ উড্ডয়ন অঞ্চল বা সেফ ফ্লাই জোন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে। ঝুঁকি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর সমন্বয়ের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এরআর