দিনভর সামরিক মহড়ার কর্মসূচি শেষে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে পৌঁছে সরকারি দায়িত্ব পালন করেন তিনি।
বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে আঙুলের ছাপের মাধ্যমে উপস্থিতি নিবন্ধন শেষে বিভিন্ন দাপ্তরিক কাজে অংশ নেন। এর আগে দিনের বড় একটি সময় তিনি কাটান নোয়াখালীর স্বর্ণদ্বীপে।
সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দেখতে স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে যাত্রা করে বেলা সাড়ে ১১টায় সেখানে পৌঁছান তিনি।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন। সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়ার কার্যক্রম শেষ করে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন তারেক রহমান। এরপর বিশ্রামের জন্য সময় না নিয়ে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে অংশ নেন প্রধানমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস