দেশের তিন সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা যাচাইয়ের মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অল-টেরেইন ভেহিকল (এটিভি) চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় তার পাশের আসনে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মহড়াস্থলে পৌঁছান।
স্বর্ণদ্বীপে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই অনুশীলনের চূড়ান্ত পর্ব সরাসরি পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।
মহড়ার পাশাপাশি সামরিক খাতে দেশীয় উদ্ভাবনের অগ্রগতি সম্পর্কেও ধারণা নেন প্রধানমন্ত্রী। অনুশীলনস্থলে প্রদর্শিত স্থানীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন তিনি। এ সময় তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এই যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিয়েছে। তিন বাহিনীর বিশেষ ইউনিটগুলোর সম্মিলিত অংশগ্রহণ এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
বঙ্গোপসাগরের উপকূলে নোয়াখালীর দক্ষিণে অবস্থিত স্বর্ণদ্বীপের আরেক নাম জাহাইজ্জার চর। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে দ্বীপটি সামরিক প্রশিক্ষণ ও বিভিন্ন যৌথ অনুশীলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস