খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ২৩:৪৩:৩৪
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদা না পেয়ে সোনাডাঙ্গায় একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে এবং আড়ংঘাটায় একটি চায়ের দোকানের পাশে ক্যারম খেলার আসরে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। পরপর তিনটি গুলিবর্ষণের ঘটনায় নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আব্দুল হালিম। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

অন্যদিকে, বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার কাছেই পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও রেস্টুরেন্টের কর্মচারী ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট বন্ধ রাখার হুমকি দেয়। ভয়ে ওই রাতেই মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে যায়।

মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। পাশাপাশি কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পুলিশের আশ্বাসে প্রতিষ্ঠানটি খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে সেটি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় আরেকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সুইচগেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের সামনে কয়েকজন বিএনপি কর্মী ক্যারম খেলছিলেন। এ সময় খুলনার দিক থেকে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেলে এসে ক্যারম খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

গুলি লক্ষ্যভ্রষ্ট হলে উপস্থিত ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়। তবে সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে।

সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় শলুয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ সদ্য. বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা সদ্য. ৩ ছাত্র সংগঠনের আপত্তি, প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট