জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। আট বছরে তিনি তেলুগু, তামিল ও মালয়ালম ভাষার এক ডজনের বেশি সিনেমায় কাজ করেছেন। শুরু থেকেই গল্প ও চরিত্র বাছাইয়ে সচেতন ছিলেন কল্যাণী, আর সেই ধৈর্যের ফল আসে গত বছর সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’-এর মাধ্যমে।
মাত্র ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটির বেশি আয় করে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল ছবিতে পরিণত হয়। এই সাফল্যের মধ্য দিয়ে কল্যাণী প্রিয়দর্শন সর্বভারতীয় পর্যায়ে পরিচিতি পান। সেই অর্জনকে পুঁজি করেই এবার দক্ষিণি ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।
সংবাদমাধ্যম ১২৩ তেলুগু জানিয়েছে, পরিচালক জয় মেহতার সিনেমা ‘প্রলয়’ দিয়ে বলিউডে অভিষেক হবে কল্যাণীর। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন রণবীর সিং। একদিকে গত বছরের মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার নায়িকা কল্যাণী, অন্যদিকে বলিউডে গত বছর সর্বোচ্চ আয় করা সিনেমা ‘ধুরন্ধর’-এর অভিনেতা রণবীর—ফলে দুই ইন্ডাস্ট্রির দুই বক্স অফিস সফল তারকাকে একসঙ্গে দেখা যাবে ‘প্রলয়’-এ।
এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করছেন রণবীর সিং। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মা কসম ফিল্মস ছবিটির সহপ্রযোজক। শুরুতে রণবীরের বিপরীতে আলিয়া ভাটের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নির্মাতারা কল্যাণীকেই চূড়ান্ত করেছেন।
‘প্রলয়’ একাধিক দিক থেকে প্রথমের গল্প। এটি যেমন কল্যাণীর প্রথম বলিউড সিনেমা, তেমনি প্রযোজক হিসেবে রণবীরেরও প্রথম কাজ। পাশাপাশি একক পরিচালক হিসেবে এটি জয় মেহতার প্রথম সিনেমা। এর আগে তিনি বাবা হানসাল মেহতার সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২’-সহ বেশ কয়েকটি প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
আগামী এপ্রিল থেকে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। শুটিং শুরু হওয়ার কথা জুলাই অথবা আগস্টে। ভবিষ্যতের পৃথিবী, পৌরাণিক রূপকথা ও অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করে নির্মিত হবে ‘প্রলয়’। বলিউডে এ ধরনের সিনেমা খুব একটা দেখা যায় না। ছবিটির বড় অংশজুড়ে থাকবে ভিএফএক্স, যার কারণে বাজেটও বেশ বড়। এটিকেই রণবীর সিংয়ের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে। এই ছবিতে কাজ করার কারণেই তিনি ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।