বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় এই খবর নিশ্চিত করেন তার মেয়ে জাইমা জারনাজ রহমান।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, 'আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।'
দীর্ঘ ১৮ বছর লন্ডনে অবস্থানের পর তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি। তাদের বহনকারী বিমানটি আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে।
এদিকে, বিএনপির পক্ষ থেকে তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাত্রা এবং শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নিশ্চিত করবে।
সমাবেশ প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'ঐতিহাসিক জনসমগমের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হওয়ার পর ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। এরপর ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং এতোদিন সেখানেই অবস্থান করছিলেন।