রাজধানীর উত্তর ও দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ ঢাকার আমিনবাজারে প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া সার, পশুখাদ্য, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকসও উৎপাদন করা হবে।
প্রধানমন্ত্রী প্রকল্প দুটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন। তিনি এ লক্ষ্যে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশনা দেন।