ইরান-সমর্থিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে। হ্যাকার গোষ্ঠীটি তার ছবি ও বিভিন্ন নথি অনলাইনে প্রকাশ করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত এফবিআই প্রধানের ইনবক্স হ্যাকের ঘটনা হান্দালা হ্যাক টিম নামে একটি গোষ্ঠীর কাজ বলে মনে করা হচ্ছে। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্যাটেল তাদের হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় যুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলো সত্য বলে ধারণা করেন। যদিও এফবিআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
হান্দালা নিজেদের ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ হিসেবে পরিচয় দিলেও গবেষকরা ধারণা করেন, এটি ইরানের সরকারি সাইবার গোয়েন্দা ইউনিটের একটি ছদ্মনাম হতে পারে। গোষ্ঠীটি পূর্বেও মার্কিন প্রতিষ্ঠান স্ট্রাইকার করপোরেশনে সাইবার হামলার দাবি করেছিল।
রয়টার্স ফাঁস হওয়া ই-মেইল স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে হ্যাকারদের দাবি করা জিমেইল ঠিকানা পূর্বের ডেটা ফাঁসের সঙ্গে মিলে যায়। প্রকাশিত নমুনায় ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের তথ্য দেখা গেছে।