শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রে ফিরে যেতে হলে মতপ্রকাশের স্বাধীনতাকে সর্বাগ্রে মূল্য দিতে হবে। একতা-ভিন্নতা অবশ্যই থাকবে। আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করব, এটাই গণতন্ত্রের মর্ম।'
তিনি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে দেশে এখন ভিন্নমত প্রকাশ করলেই তাকে শত্রু ভাবা হয়। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলানো হয়। এধরনের আচরণ থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত।'
সাংবাদিকদের প্রসঙ্গে ফখরুল বলেন, 'বিএনপির সহযোগী সংগঠনের প্রতিনিধিদের মতোই সাংবাদিক ইউনিয়নের প্রধান দায়িত্ব হওয়া উচিত তাদের পেশাগত অধিকার ও দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে কাজ করা। রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।'
তিনি অভিযোগ করে বলেন, 'গত ১৫ বছরে বর্তমান সরকার গণমাধ্যমকে পরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে। সাংবাদিক নেতাদের প্রতি অনুরোধ, এই অবস্থা থেকে বের হয়ে আসুন।'
দ্বিবার্ষিক সম্মেলনে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ দেশের ১৮টি অঙ্গ ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। বিকেলে সাংগঠনিক বিষয় নিয়ে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।