শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।
ফরহাদ মজহার বলেন, 'সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আগ্রহের’ বিষয়টি উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় গেলে জামায়াত যদি বাংলাদেশে শরিয়াহভিত্তিক নীতিমালা চাপিয়ে দেয় বা যুক্তরাষ্ট্রের পছন্দবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে—তা আগেই কূটনীতিকরা ভেবে রেখেছেন।'
এ প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, 'এতে স্পষ্ট বোঝা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের নীতিগত একটি সম্পর্ক রয়েছে। তাই আগেভাগেই তারা এসব বক্তব্য দিচ্ছে।'
তিনি অভিযোগ করেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর বিষয়ে জামায়াতে ইসলামী কোনো আপত্তি তোলেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।
আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন,' যুক্তরাষ্ট্র একটি বড় ভূরাজনৈতিক শক্তি। বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকর নয় বললেই চলে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার বড় উদাহরণ।
এমন বাস্তবতায় তিনি প্রশ্ন তোলেন, '১৭ কোটি মানুষকে নিয়ে আমরা কীভাবে টিকে থাকব? আমি যুদ্ধ চাই না, কারও যুদ্ধে জড়াতে চাই না। সাধারণভাবে ডাল-ভাত খেয়ে শান্তিতে বাঁচতে চাই।'
ভারতীয় আধিপত্যের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, 'অনেকে ভারতবিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন উচ্চকণ্ঠ হন না।'
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।