আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
ইসি সূত্রে জানানো হয়, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরও কোন কোন দল মনোনয়ন দাখিল করেছে, সে বিষয়ে সব তথ্য কমিশনের কাছে পৌঁছায়নি বলে জানানো হয়।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।