নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের গণ্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে বিজেপি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দলটি ইতোমধ্যে ১৯০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০০টির নিচে নেমে এসেছে।
ফলাফলের এই প্রবণতা স্পষ্ট হওয়ার পর রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেও দলটির সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পর এবার প্রথমবারের মতো কোনো বিজেপি রাজ্যটির ক্ষমতায় আসতে চলেছে।
নির্বাচনী প্রবণতা বিশ্লেষণে দেখা গেছে, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু তৃণমূল ঘাঁটিতেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বিজেপি। বিশ্লেষকদের ধারণা, পরিবর্তনের প্রত্যাশা এবং শক্তিশালী বিরোধী প্রচার এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। তারপরও বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।