সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন কর্মীকে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন কর্মী একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যান এবং আরেকজনকে বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করছেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত কয়েকজন ক্রেতা থানায় এসে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, 'লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।'