রাজধানীর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে ক্লোজ করার সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। সিদ্ধান্তটি ১৬ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে গ্রেপ্তারের সংখ্যা ৭৫ জনে পৌঁছানোর কথা জানানো হয়েছে।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয় এবং কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
তবে গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ক্লোজ করার অফিস আদেশে ওই মিছিল বা পরবর্তী গ্রেপ্তার অভিযানের কথা উল্লেখ করা হয়নি। সেখানে প্রত্যাহারের কারণ হিসেবে শুধু প্রশাসনিক কারণ দেখানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে