ঢাকা জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিল ব্যারাক পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়। ওই সভায় তাকে এ সম্মাননা প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক কারবারি, ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও তা দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর