রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক—টলিউডে এই নামেই তিনি সুপরিচিত। এই নামেই পেয়েছেন জনপ্রিয়তা, সাফল্য এবং দর্শকের ভালোবাসা। তবে অনেকের কাছেই অজানা, কোয়েল মল্লিক আসলে তার জন্মনাম নয়।
বলিউড কিংবা টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই এমন বহু অভিনেত্রী আছেন, যারা অভিনয়জগতে আসার আগে নিজের নাম পরিবর্তন করেছেন। কিন্তু কোয়েল মল্লিকের ক্ষেত্রে বিষয়টি পরিকল্পিত কোনো সিদ্ধান্ত ছিল না। এর পেছনে রয়েছে এক মজার ঘটনা, যেখানে জড়িয়ে আছেন এক পরিচালক।
সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, তার প্রথম ছবি ছিল ‘নাটের গুরু’, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। পরিচালক তার আসল নাম জানতেন না। কোয়েল নামটি সাধারণত ডাকনাম হিসেবে ব্যবহৃত না হওয়ায় তিনি ভেবেছিলেন, এটিই তার প্রকৃত নাম।
কোয়েল বলেন, তাকে না জানিয়েই পরিচালক ছবিতে তার নাম কোয়েল হিসেবে ব্যবহার করেন। এরপর থেকেই সেই নামটিই থেকে যায়। তবে তার প্রকৃত নাম রুক্মিণী মল্লিক, যা স্কুলের সব নথিতেই উল্লেখ ছিল।
অর্থাৎ শুরুতেই যদি তার আসল নাম ব্যবহার করা হতো, তাহলে আজ ইন্ডাস্ট্রিতে একই নামে দুই অভিনেত্রী কাজ করতেন। পরিচালকের সেই অনিচ্ছাকৃত ‘ভুল’-এর কারণেই বিষয়টি ঘটেনি। অনেকের মতে, সেটিই হয়তো ভালো হয়েছে, নইলে রুক্মিণী মৈত্রকে একদিন নিজের নাম বদলানোর কথা ভাবতে হতে পারত।
এদিকে বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ ছবিটি প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাচ্ছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে তিনি পর্দায় ফিরে আসেন। সামনে খুব সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতেও তাকে দেখা যেতে পারে।