বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নাকচ করা হয়েছে।
বিমানটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়, যা উদ্ধারকাজকে জটিল করে তোলে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। বর্তমানে অঞ্চলটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত হিসেবে বিবেচিত।