রাজধানীর মহাখালী বাস টার্মিনালের গ্যাপের বাসগুলো পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মহাখালী এলাকার দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে।
বুধবার (১৫ জুলাই) মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি বাস রাখার সক্ষমতা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি বাস সেখানে আসা-যাওয়া করে। ফলে মূল সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ সমস্যা সমাধানে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের প্রায় ১০ একর জমিতে অস্থায়ী বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সেখানেই পর্যায়ক্রমে গ্যাপের বাসগুলো স্থানান্তর করা হবে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রাজধানীর যানজট নিরসনে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। অন্যদিকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে মহাখালীকেন্দ্রিক যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।