এর আগে, সন্ধ্যা থেকেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত পেরিয়ে ভোর হলেও অপেক্ষমাণ মানুষের ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি। প্রায় ২২ বছর পর তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত জনতা।
ভোর পৌনে ৪টায় ‘সবার আগে বাংলাদেশ’ লেখা গাড়িতে করে জনসভাস্থলে পৌঁছালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করে স্থানীয়দের কাছে ক্ষমা চান তিনি।

ভোর পর্যন্ত অপেক্ষা করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতা হাত তুলে তার আহ্বানে সাড়া দেন।
জনসভায় তারেক রহমান বলেন, 'বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়তে সুপরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছে। বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন করব।'
একপর্যায়ে নেতাকর্মীদের স্লোগান বন্ধ রাখার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে তারেক রহমান অভিযোগ করে বলেন, ;একটি রাজনৈতিক দল গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'একটি দল জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আরেক দল ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। পোস্টাল ব্যালট দখল ও ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে তারা।'
জলাবদ্ধতা নিরসনে খাল খননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সামান্য বৃষ্টিতেই বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল খনন করা হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।'
বক্তব্যের শেষদিকে নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন তারেক রহমান।