নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, পে-স্কেল দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ কর্মসূচির উদ্বোধনী সভায় অর্থ উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চান। তিনি বলেন, অতীতে দেখা গেছে, কেউ কিছু করে গেলে পরের জন এসে তা বাতিল করে দেন। আশা করছি এবার তা হবে না। ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণ নিজেদের এবং ভবিষ্যৎ সরকারকে শক্তিশালী করবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত ‘ক্রিটিক্যাল’। এই নির্বাচনের স্বচ্ছতার দিকে যেমন দেশবাসী তাকিয়ে আছে, তেমনি আন্তর্জাতিক মহলও নজর রাখছে। একই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টি জড়িত।
তিনি আরও বলেন, সংস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; সংস্কার মানেই সর্বজনীন। ইতোমধ্যে যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, সেগুলো ভবিষ্যতে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য আসন্ন নির্বাচন ও হ্যাঁ-সূচক গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।