ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এদিকে হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ, যাদের মধ্যে চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা।
র্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সর্বশেষ গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোর ৫টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে টানা জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় হলেও তিনি রাজধানীর আদাবর এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম প্রয়াত মোজাফফর। র্যাব কর্মকর্তা নাঈম উল হক জানান, কবিরসহ মোট পাঁচজনকে র্যাব গ্রেপ্তার করেছে।
এর আগে হাদিকে গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে প্রথমে আটক করে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া হাদির ওপর গুলিবর্ষণকারীদের পালিয়ে যাওয়া ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।