রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সোমবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন সুইডেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এজে