মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান। এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইপিবি সচিব জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর (বুধবার) এক দিনের সাধারণ ছুটি থাকায় মেলার উদ্বোধন পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ, শিল্প উৎপাদনে সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। ২০২২ সাল থেকে মেলাটি পূর্বাচলের এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের মেলায় বাংলাদেশসহ ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।