রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশনে ডাকাতি করে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ফিলিং স্টেশনটির মালিক প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হক।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
জানা যায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তে নেমে ডিবি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত এই ডাকাতি মামলার অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়টি জানাতেই জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সদ্য সংবাদ/এসআর