রাজধানীর শ্যামলীতে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী এক সাংবাদিকের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান। ছিনতাইয়ের সময় তাঁর স্ত্রীর হাতের একটি আঙুলে আঘাত লাগে।
শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি প্রয়োজনে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তাঁরা আজিমপুর থেকে অটোরিকশায় করে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এগিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা তাঁর স্ত্রীর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যান।
ছিনিয়ে নেওয়া ব্যাগে নগদ টাকা, মুঠোফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের কার্ডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় শাহজাহান আকন্দ শুভ মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সদ্য সংবাদ/এআর