জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির এই আয়োজনকে ঘিরে নয়াপল্টনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সমাবেশ ও পরবর্তী শোভাযাত্রা নির্বিঘ্ন করতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। বন্ধ রাখা হয়েছে কার্যালয়ের সামনের সড়কে যানবাহন চলাচল। পুরো এলাকায় নিরাপত্তা তদারকিতে নিয়োজিত রয়েছেন পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও।
শুধু সড়ক নিরাপত্তাই নয়, সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকাতেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের।
নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাতে সমাবেশ ও শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কর্মসূচির সূচি অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে বের হবে শোভাযাত্রা।
নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস