বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার পক্ষ থেকে তাদের বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধ করা হচ্ছে না। এর পাশাপাশি শ্রমিকদের অন্যান্য দাবিও পূরণ করা হয়নি। পাওনা পরিশোধ ও দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকরা বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে পুলিশ।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সদ্য সংবাদ/এসকে