জ্বালানি সরবরাহ নিয়ে নতুন সমঝোতার অংশ হিসেবে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল। ২০২২ সালে রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম দেশটি থেকে পেট্রোলিয়াম পণ্যের চালান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পথে রয়েছে।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আজিওই ফানেন্দেস’ নামের একটি ট্যাংকার গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোরস্ক বন্দর ছেড়ে যায়। জাহাজটিতে রয়েছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল। আগামী ৭ নভেম্বর চালানটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
রুশ জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে। দেশটির মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম কমানোর বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ট্রাম্পের ঘোষিত পরিকল্পনায় রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরও বেশি ডিজেল সরবরাহের কথা রয়েছে। প্রথম চালানের পর নভেম্বরে তিন লাখ মেট্রিক টন, পরবর্তী ধাপে পাঁচ লাখ টন এবং এরপর আরও ১০ লাখ টন ডিজেল পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।
একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো জরুরি মজুত থেকে জ্বালানি সরবরাহ না করলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর রাশিয়া তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকার বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করে আসছিল। নতুন সমঝোতা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে রুশ জ্বালানি সরবরাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার ওপর পরবর্তী চালানের পরিমাণ নির্ভর করছে।
সূত্র: রয়টার্স
সদ্য সংবাদ/এসএস