কিশোরগঞ্জের ভৈরবে রাতের আঁধারে হামলার শিকার হয়ে প্রাণ গেল সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. আল আমিন সৈকতের। টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত আল আমিন সৈকত ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
স্বজনদের ভাষ্য, রাতে মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সৈকতকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকায় আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে কী কারণে আল আমিন সৈকতের ওপর হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
সদ্য সংবাদ/এসকে